আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৬ যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের জন্য জাতীয় কর্মসূচির আলোকে খুলনায় জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, শিশু সমাবেশ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া-মাহফিল, চলচ্চিত্র প্রদর্শন এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা।
১৭ মার্চ সকাল আটটায় খুলনা নিউমার্কেট হতে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বাংলাদেশ বেতার খুলনা চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে। পরে র্যালিটি খুলনা জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হবে এবং একই স্থানে সকাল নয়টায় শিশু সমাবেশ, দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
ওই দিন শিশু একাডেমী ভবনে সকাল ১০টায় দিবসের মূল প্রতিপাদ্য ‘ শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ সম্পর্কে শিশুদের মধ্যে রচনা এবং চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও নির্ধারিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ওই দিন সুবিধামত সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। দুপুরে দুঃস্থ-ভবঘুরে শিশুদের বিশেষ খাবার পরিবেশন এবং বাদ যোহর বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট জামে মসজিদে বাদ যোহর মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।
১৭ মার্চ সন্ধ্যা সাতটায় শহীদ হাদিস পার্কে জাতির পিতার জীবনাদর্শের ওপর তথ্যভিত্তিক ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন করা হবে। স্থানীয় পত্রিকায় বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।








Visit Today : 681
Who's Online : 13
সর্বশেষ মন্তব্যসমূহ