খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা ১১ জুলাই জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আহসান।
সভায় বিভিন্ন বিভাগের চলমান এবং উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সভার শুরুতে সভাপতি স্ব-স্ব দপ্তরের ওয়েব পোর্টাল নিয়মিত হালনাগাদকরণ এবং ইনোভেশন কার্যক্রমকে আরও জোরদার করতে অফিসারদের অনুরোধ জানান। প্রতিবন্ধী বিষয়ক অফিসার সভাকে জানান এ মাসে ফুলতলা, কয়রা এবং পাইকগাছা উপজেলায় বিনামূল্যে প্রতিবন্ধীদের জন্য ফিজিওথেরাপী ক্যাম্পিং’র কার্যক্রম শুরু হবে।
জেলা নির্বাচন অফিসার স্থগিত হওয়া ইউপি নির্বাচন এ মাসে হবে বলে সভাকে অবহিত করেন। খুলনা বেতারের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সম্প্রসারণ প্রকল্পের কাজ আগামী ১৬ ডিসেম্বরের আগে শেষ হবে বলে খুলনা বেতারের প্রতিনিধি জানান। সরকারী অফিসার এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে কর প্রদানে উৎসাহিত করতে গণসচেতনতা বাড়ানোর ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।
প্রত্যেক শিক্ষকের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে জেলা শিক্ষা অফিসারকে অনুরোধ জানানো হয়। স্কুল চলাকালীন সময়ে কোন শিক্ষক কোচিং করাতে পারবে না, অন্যথায় তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সন্ত্রাস, জঙ্গিবাদ এবং নাশকতার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে খুলনার প্রায় দুই হাজার ইমামদের প্রশিক্ষণ ১৩ জুলাই বয়রা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সভাকে জানান, চলতি অর্থ বছরে খুলনা জেলায় ৭১টি নলকূপ স্থাপন কাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে। দাকোপ, পাইকগাছা এবং কয়রা উপজেলার ৩১০টি রেইন ওয়াটার হার্ভেস্টার’র শত ভাগ কাজ সম্পন্ন হয়েছে। উপজেলার ৪০ দিনের কর্মসূচীর আওতায় পানির নতুন রিজার্ভার সৃষ্টির কাজ হাতে নিতে সভাপতি অনুরোধ জানান এবং এ লক্ষ্যে বিভিন্ন খাল খননসহ নতুন নতুন জলাধার তৈরি করার প্রস্তাব দেন। নির্বাহী প্রকৌশলী জানান, মিষ্টি পানি সংরক্ষণ প্রকল্পের আওতায় ১০ কোটি টাকা অনুমোদনের অপেক্ষায় আছে। এ প্রকল্পরে আওতায় ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ অর্থ বছরে জেলার বিভিন্ন উপজেলায় ৩৩টি অগভীর নলকূপ, ১০টি মডিফাইড তারা, ১৫৭টি গভীর নলকূপ, ২৭টি রেইন ওয়াটার হার্ভেস্টার, ০২টি এসএসটি/ভিএসএসটি এবং ০২টি মালটিপোল হ্যান্ড পাস্প স্থাপনের বরাদ্দ পাওয়া গেছে। জেলায় মোট ২৩১টি পানির উৎস্য স্থাপনের অনুমোদন পাওয়া গেছে।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ, জেলা সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার, কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।








Visit Today : 383
Who's Online : 9
সর্বশেষ মন্তব্যসমূহ