যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি কবির হোসেন পলাশ হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ের আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আজ দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তদের ৪ জন রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামিরা হচ্ছেন- চাঁচড়া রায়পাড়ার প্রিন্স ওরফে বিহরী প্রিন্স, গাড়িখানা রোডের জাহিদুল ইসলাম ওরফে কালা মানিক, শহরের ষষ্টিতলাপাড়ার তরিকুল ইসলাম, ঘোপ নওয়াপাড়া রোডের সজল, টুটুল গাজী, ঘোপ বৌ-বাজার এলাকার রবিউল শেখ, রেলগেট পশ্চিমপাড়ার শহিদুল ইসলাম খান ওরফে সাইদুল, বেজপাড়ার টিবি কিনিক এলাকার ফয়সাল গাজী, ও বাঘারপাড়া বহরমপুর গ্রামের শহিদুল ইসলাম।
মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় চাঁচড়া রায়পাড়া এলাকার মাসুদ রানা ওরফে মাসুদ ও পূর্ব বারান্দিপাড়া কবরস্থান রোডের রাজ্জাক ফকিরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলাটি ডিবি পুলিশ ও পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) দু’দফায় তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাজাপ্রাপ্তদের মধ্যে পলাতক আছেন প্রিন্স ওরফে বিহরী প্রিন্স,শহিদুল ইসলাম খান ওরফে সাইদুল, জাহিদুল ইসলাম ওরফে কালা মানিক, রবিউল শেখ ও শহিদুল ইসলাম ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট এনামুল হক জানান, ২০১৩ সালের ৯ ডিসেম্বর সন্ধ্যায় যশোর শহরের ঈদগাহ মোড়ে সন্ত্রাসীরা পলাশকে গুলি ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বোন ফারহানা ইয়াসমিন ১৩ ডিসেম্বর অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।





Visit Today : 1174
Who's Online : 6
সর্বশেষ মন্তব্যসমূহ