বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন এমপি বলেছেন, বর্তমান সরকার গত ১০ বছরে ব্যাপক উন্নয়ন করেছে। এখন দেশের অর্থনীতি, মানুষের গড় আয়ু, শিক্ষার হার বেড়েছে, প্রাথমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়া কমেছে। আমরা এখন খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।
মানুষ সহজেই স্বাস্থ্যসেবা পাচ্ছে। সামনে নির্বাচন, এ নির্বাচন শুধু নির্বাচন নয়। এ নির্বাচনের মধ্যে দিয়ে সিদ্ধান্ত নিতে হবে আমরা উন্নয়নে থাকবো নাকি দেশকে বিএনপি-জামায়াত জোটের চক্রান্ত ও দুঃশাসনের দিকে ঠেলে দেব। ড. কামাল হোসেন বলেছেন, ক্ষমতার মালিক জনগণ; আমরাও জানি ক্ষমতার মালিক জনগণ। তবে ডাকাতের হাতে চাবি দিয়ে সেই ক্ষমতা রাখা যায় না। ড. কামালরা ডাকাতদের হাতে ক্ষমতা দিতে চান। আমরা সেই চাবি দেব না। আজ রবিবার বেলা ১১টায় খুলনার ডুমুরিয়া উপজেলার শঙ্খ সিনেমা হল মিলনায়তনে খুলনা জেলা ওয়ার্কার্স পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কমরেড মেনন শনিবার চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্ট নেতার বক্তব্যের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ড. কামাল হোসেন নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক ও সংবিধান প্রণেতা বলে পরিচয় দেন। আমাদের দুর্ভাগ্য সেই নেতা বিএনপিকে সাথে নিয়ে আদালতে নিবন্ধন বাতিল জামায়াতকে প্রতিষ্ঠিত করতে চান। আমরা পরিস্কার বলেছি, তাদের সাত দফার একটি দফাও মানা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। কোন হুমকিতে কাজ হবে না।
তিনি আরও বলেন, গত ১০ বছরে ব্যাপক উন্নয়ন হলেও বৈষম্য বেড়েছে। শুধু উন্নয়ন করলেই হবে না। উন্নয়নের সাথে বৈষম্য দূর, সামাজিক ন্যায্যতা ও সমতা ফিরাতে হবে। কৃষক ক্ষেতমজুরের সারা বছরের কাজের নিশ্চয়তা এবং সার, বীজসহ কৃষি উপকরণের সরবরাহ বৃদ্ধি করতে হবে। তাদের পণ্যের ন্যায্যমূল্য ও স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে হবে। সেই সাথে তিনি বলেন, স্থানীয় হামকুরা ভদ্রানদীসহ দেশের সকল নদীর পানি প্রবাহ ঠিক রাখতে সার্বক্ষণিক ড্রেজিংয়ের ব্যবস্থা রাখতে হবে।
পার্টির জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড শেখ সাহিদুর রহমানের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরোর সদস্য ও খুলনা পার্টির ইনচার্জ কমরেড প্রফেসর ড. সুশান্ত দাস, কেন্দ্রীয় সদস্য দীপংকর সাহা দিপু। স্বাগত বক্তব্য দেন পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড এড. মিনা মিজানুর রহমান। পার্টির জেলা সদস্য ও ডুমুরিয়া উপজেলা সম্পাদক কমরেড শেখ সেলিম আখতার স্বপন ও পার্টি নেতা আবুল বাশারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা আঃ লতিফ জমাদ্দার ও বাসদ নেতা সুজিত মল্লিক, ওয়ার্কার্স পার্টি জেলা নেতা কমরেড আনসার আলী মোল্যা, মোজাম্মেল হক, শেখ মফিদুল ইসলাম, এস এম ফারুখ-উল-ইসলাম, মনিরুজ্জামান, গাজী নওশের আলী, সন্দীপন রায়, খলিলুর রহমান, স্থানীয় পার্টি নেতা খান নজরুল ইসলাম, সার্জেন্ট অবঃ হারুনর রশীদ, গাজী লুৎফর রহমান, স্বপন মল্লিক, রেজাউল ইসলাম, দিলীপ সানা, কনেক বিশ্বাস, ভবতোষ মন্ডল, তরুণ কান্তি বিশ্বাস, আনোয়ার হোসেন প্রমুখ।
কর্মী সমাবেশের পূর্বে কমরেড মেনন খুলনার প্রখ্যাত কৃষক নেতা শহীদ কমরেড শেখ আব্দুল মজিদ মিলনায়তনের শুভ উদ্বোধন করেন।







Visit Today : 945
Who's Online : 8
সর্বশেষ মন্তব্যসমূহ